সারাদেশ ২৭ এপ্রিল, ২০২৩ ০৯:২১

আ. লীগ নেতার ইয়াবা সেবনের ছবি নিয়ে সমালোচনার ঝড় 

জয়পুরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়পুরহাটের এক নেতার মাদক সেবনের একটি ছবি ভাইরাল হওয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত মঙ্গলবার থেকে মাদক সেবনের ওই ছবিটি ছড়িয়ে পড়ে। যেখানে দাবী করা হচ্ছে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট-২ আসনে অর্থাৎ বর্তমান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম মাহফুজ চৌধুরী ( অবসর) ওই মাদক সেবন করছেন। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের অনেক নেতা অস্বস্তি প্রকাশ করে ওই ফেসবুক আইডিতে নানা ধরনের কমেন্টসও করছেন।

এদিকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের অভিযুক্ত ওই নেতার দাবী ভাইরাল হওয়া ছবিটি সুপার এডিট করা এবং সম্পুর্ন উদ্দেশ্য প্রণোদিত।

এ নিয়ে অভিযুক্ত জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম মাহফুজ চৌধুরী নিজ আইডি থেকে লাইভে এসে ভাইরাল হওয়া ওই মাদক সেবনের ছবি সুপার এডিট করা এবং সম্পুর্ন উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন। তিনি বলেন, মাদক সেবনের ছবিটি তার নয়। ১০ বছর ধরে ডায়াবেটিক রোগ নিয়ে চলফেরা করেন তাই মাদক সেবনের প্রশ্নই ওঠেনা।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আক্কেলপুর পৌরসভার মেয়র ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গ্রুপ থেকে বের হয়ে এসে মনোয়নয় প্রত্যাশী হওয়া এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সুপার এডিট করা ওই ছবিটি ফেসবুকে ছড়িয়েছে এমন অভিযোগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন চাইবেন সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।

জনসমর্থন দেখে আমার দলের প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য এ কাজটি করেছেন বলে দাবী করেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর। জয়পুরহাট-২ আসন থেকে যারা মনোনয়ন প্রত্যাশী সকলের ডোপ টেষ্ট করার জন্য দলীয় প্রধানের প্রতি আহবান জানান তিনি। অপরদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে পাঞ্জাবি পড়া এক বাক্তি মুখে সিগারেট জাতীয় কিছু একটা ধরা অবস্থায় পাশের একজন তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। ওই ছবিটি ফেসবুকে পোষ্ট করে দেখানো হচ্ছে গোলাম মাহফুজ চৌধুরী অবসর মাদক সেবন করছেন।

ছবিটি নিয়ে অবসর চৌধুরী নিজ আইডিতে সম্মান ও ইজ্জতের মালিক আল্লাহ উল্লেখ করে আমাকে ছোট করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক এ কাজে কেউ সফল হবে না মর্মে উল্লেখ করে একটি পোষ্ট দিয়েছেন।

এ ব্যপারে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গোলাম হক্কানী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া মাদক সেবনের ছবিটি সত্যি সত্যি অবসর চৌধুরীর হলে খুবই দু:খজনক। এটি দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে।


আমাদেরকাগজ/এইচএম