আমাদের কাগজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বামী একজন ভবঘুরে। নিয়মিত কাজ করেন না। প্রায়ই তিনি স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ মে) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম আজমিরুজ্জামান জানান, টাকা নিয়ে বুধবার দুপুরেও বাজারে লোক সম্মুখে এসব বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। পরে একই দিন সন্ধ্যায় আবারও তাদের ঝগড়া বাধে। এর একপর্যায়ে আশরাফুল স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে।
তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে আশরাফুল, তার মা এবং পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমাদের কাগজ/এমটি






















