সারাদেশ ৫ মে, ২০২৩ ০৪:২২

মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মিলল বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ)। তবে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি খেতে এটি পাওয়া যায়। এর আগে, গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, এনিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেলো। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ বলে ধারণা তাদের।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাবুল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন, তাদের বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই এলাকায় বারবার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষগুলো স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

আমাদের কাগজ/এমটি