আমাদের কাগজ ডেস্ক: যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশাচালককে মারধর ও জুতাপেটার ঘটনায় মূল অভিযুক্ত নারী আইনজীবী আরতি রাণী ঘোষকে কারণ দর্শাতে বলা (শোকজ) হয়েছে।এর আগে এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মারছে। এ সময় এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছে। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন।
মঙ্গলবার (৯ মে) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা সই করা নোটিশটি আরতি রানীর বাড়িতে পাঠানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। রোববার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
অভিযুক্ত আইনজীবী যশোর শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী আরতি রানী ঘোষ।
তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিল। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী আরতি রানী ঘোষের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট জানান, ‘সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
আমাদের কাগজ/এমটি




















