সারাদেশ ১০ মে, ২০২৩ ০৯:৩২

ভাড়া নিতে বাসায় প্রবেশ, শরবত খেয়ে বাড়িওয়ালার স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে নেশা জাতীয় দ্রব্য মেশানো শরবত খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। শরবত পান করে বাড়ির মালিকের স্ত্রী হাসিনা বেগম (৫৫) মারা গেছেন। বুধবার, ১০ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার জানান, সোমবার তিনতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে ৫০০ টাকা অগ্রিম দিয়ে চলে যায় দুই নারী। মঙ্গলবার ওই দুই নারীসহ তিনজন আবার বাসায় আসেন। হাসিনা বেগম তখন বাসায় একাই ছিলেন। এ সময় সঙ্গে নিয়ে আসা বেল দিয়ে শরবত বানিয়ে হাসিনা বেগমকে পান করান তারা। হাসিনা বেগম অচেতন হলে তারা ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেন, চুড়ি, কানের দুল হাতিয়ে নেয়। এ ছাড়া বাসায় থাকা কিছু টাকাও নিয়ে যায় তারা।

তিনি বলেন, দুপুরে ওই বাড়ির ভাড়াটিয়ারা দেখেন, রুমে অচেতন হয়ে পড়ে আছেন হাসিনা বেগম। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখান থেকে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আমাদেরকাগজ / এইচকে