সারাদেশ ২২ মে, ২০২৩ ০৪:৪৪

নেত্রকোণায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনায় জেলা বিএনপি কার্যালয় ও কেন্দ্রীয় নেত্রীর বাসায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার দুপুরে শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে ও আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিনের বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আওযামী লীগ দলীয় শ্লোগান দিয়ে কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙ্গে আসবাপত্র বের করে কার্যালয়ের সামনে আগুন দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। একই সময় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ছোটবাজারের দলীয় কার্যালয় থেকে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, ভজন সরকারসহ অন্যরা। মিছিলে আওযামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আমাদেরকাগজ/এইচএম