সারাদেশ ২৬ মে, ২০২৩ ০৪:৫৬

আদায় অস্বস্তি, ক্রেতাদের ক্ষোভ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: এ দফায় আদা কিংবা আদার ব্যাপারিকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো কারণই নেই। ক্রেতাপর্যায়ে মানভেদে আদা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। 

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, সাধারণ মানের আদা ২৮০ থেকে ৩২০ টাকা বিক্রি হলেও চায়না আদা আরও বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছে, বাজারে দেশি আদা থাকলেও আমদানি করা আদার সরবরাহ কম। তাই বাড়তি দাম। এই দাম আরও বেড়েছিল। মএদিকে এক মাস আগেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। সেটি এখন বাজারে ক্রেতাপর্যায়ে প্রতি কেজি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের পর এখন আবার বেড়েছে আদার দাম।

এছাড়া দেশি রসুন (ছোট) প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা এবং আমদানি করা রসুন (বড়) প্রতি ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে দাম নিয়ে ক্রেতাপর্যায়ে অস্বস্তি সৃষ্টি হয়েছে।

কারওয়ান বাজার থেকে পাইকারিতে আদা কিনে এনে খুচরা বিক্রি করেন ফরিদ মিয়া নামের একজন ব্যবসায়ী। তিনি বলেন, আমাদের দেশে আমদানি করা আদার প্রায় অর্ধেক আনা হয় চীনা আদা আর বাকি আদা বার্মিজ, ইন্দোনিশায়া, ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকে। কিছুদিন ধরে বাজারে চীনা আদা আসছে না তাই সংকট সৃষ্টি হয়েছে। অন্যদিকে এবার দেশি আদার উৎপাদনও কম হয়েছে সব কিছু মিলিয়ে আদার দাম বাড়তি যাচ্ছে। তবে ঈদের আগে আর আদার দাম কমার সম্ভাবনা নেই।

রাজধানীর মহাখালী বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী অহি আলম বলেন, যেহেতু চাকরি করি তাই আজ শুক্রবার ছুটির দিনে একবারে সপ্তাহের বাজার করে নিই। বাজারে সব কিছুর দাম বাড়তি যা সাধারণ মানুষের জন্য খুবই অস্বস্তির। সেই সঙ্গে আজ আদার দাম দেখলাম আরও বাড়তি,  এগুলো কি মনিটরিং করার কেউ নেই? ২৮০ থেকে ৩২০ টাকায় প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে যা সাধারণ ক্রেতাদের আরও অস্বস্তিতে ফেলেছে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়তি যাচ্ছে না।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, কিছুদিন আগেও আমদানি করা আদা বিক্রি হয়েছে ২৫০ টাকায়। আর এক মাস আগে এই আদা বিক্রি হয়েছে ১৪০ থেকে ২৫০ টাকায়। সেই সঙ্গে গত বছরের এই সময় আদা বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকায়। 


উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে আদার পাশাপাশি পেঁয়াজের ঝাঁঝও বেড়েছে। স্বস্তি নেই সবজিতেও। 

আমাদের কাগজ/এমটি