সারাদেশ ১ অক্টোবর, ২০১৯ ১০:২৮

যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ।। 

যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তদন্ত করে উপযুক্ত প্রমাণ নিয়ে গ্রেফতার করার মতো অবস্থা হলে অবশ্যই গ্রেফতার করা হবে। বলা আছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। এখানে কোন ব্যক্তি বিষয় নয়, যেই হোক অপরাধ-অপকর্ম করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্রাটের বিরুদ্ধে এখন পর্যন্ত কি কোন প্রমাণ পাওয়া যায়নি, যার কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, ওয়েট এন্ড সি; একটু ওয়েট করেন। এতো তাড়াহুড়ো করছেন কেন?

তিনি বলেন, দুর্নীতির যে বিষয় আসছে শুধু আওয়ামী লীগের দিনে দুর্নীতি নয় অতীতে যারা ক্ষমতায় ছিল তারাও দুর্নীতি করে কে কতটা সম্পদের মালিক হয়েছেন সেটার হিসেব নিতে হবে। কোন বিশেষ দলের বিরুদ্ধে এ অভিযান নয়।

মন্ত্রী বলেন, সরকারি দল নিজেদের ঘর থেকেই শুরু করেছে। আমরা প্রমাণ করতে চাই, অন্যায় করলে নিজেদের দলের লোকদেরকেও ছাড় দেওয়া হবে না। কিন্তু অতীতে এ বিষয়টি কখনোই হয়নি। বিএনপির আমলে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে তাদের অনেকজন জড়িত ছিল, একজনকেও শাস্তি দেওয়া হয়নি।