সারাদেশ ৫ জুন, ২০২৩ ০৫:২৭

অবশেষে ভারত থেকে পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষেধাজ্ঞার কারণে প্রায় আড়াই মাস (২ মাস ২০ দিন) বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে স্থলবন্দরে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করে।

বন্দরের বন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, দুপুর থেকে ছয়টি ট্রাকে পেঁয়াজ এসেছে। ভারতের মাহদীপুর স্থলবন্দরে আরও বেশ কিছু ট্রাক প্রবেশের জন্য অপেক্ষা করছে।

মইনুল ইসলাম বলেন, গত ১৫ মার্চ সোনামসজিদ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আসে। এরপর বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

দেশের কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্যমূল্য পায় সেজন্য পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সম্প্রতি পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় আবারও পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৫ জুন) থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির অনুমতি পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশের পরদিন থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এর মাধ্যমে পেঁয়াজের বাজারে যে অস্থিতিশীলতা চলছে তা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত দুই বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনের বেশি। এ বছর দেশে পেঁয়াজের উৎপাদন ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুদ রয়েছে ১৮ লাখ ৩০ হাজার টন। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে বা প্রতিকূল পরিবেশের কারণে ৩০ থেকে ৩৫ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৮ লাখ টন।

গত মে মাসে পেঁয়াজের দাম বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত সভায় জানানো হয়, বর্তমানে এক কেজি দেশি পেঁয়াজের উৎপাদন খরচ ২৮ থেকে ৩০ টাকা। ২০২০-২১ অর্থবছরে উন্মুক্ত আমদানির কারণে পেঁয়াজের আমদানি বেড়েছে। তখন বাজারে দেশি পেঁয়াজের দাম কম ছিল, প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। কৃষকরা দাম কম পেয়েছেন। সে কারণে পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বজায় রাখতে সাময়িকভাবে আমদানি বন্ধ করে দেয় কৃষি মন্ত্রণালয়।


আমাদেরকাগজ/এইচএম