ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরার মেঘনার শেষ প্রান্তে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেঁটে ৩ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এর মধ্যে মনপুরার ২টি ও নোয়াখালী জেলার সূবর্ণচরের ১টি। ডুবে যাওয়া ৩ ট্রলারের মধ্যে মনপুরার ২ ট্রলারে থাকা ৩৬ জেলের মধ্যে ২০ জেলে নিখোঁজ রয়েছে।
বুধবার সকাল ১০ টায় মনপুরার মেঘনার শেষ প্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার ৩টি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তবে নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।
নিখোঁজ সব জেলের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। তবে প্রাথমিকভাবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ট্রলারডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জেনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।
তিনি বলেন, ট্রলার ডুবির খবর আমরা পেয়েছি, তবে ২০ জেলে নিখোঁজ তা নিশ্চিত হওয়া যায়নি। মনপুরা থেকে থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।
এদিকে ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ জেলেদের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
আমাদেরকগিজ/এইচএম




















