সারাদেশ ১৭ জুন, ২০২৩ ০১:৩১

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাজেকে স্বামী-স্ত্রীর মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা উভয়ে স্বামী-স্ত্রী। তথ্য অনুযায়ী, এর আগে একই গ্রামে আরও দুজন মৃত্যুবরণ করেন। ওই গ্রামে এখনো অর্ধশতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছেন। 

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাদের মৃত্যু হয়। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ানপাড়ায় বসবাস করতেন তারা। 

পরিবারের সদস্যরা জানান, বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরা নতুন বেটলিং পাড়ার বাসিন্দা। তাদের মেয়ের শ্বশুর বাড়ি লংথিয়ান পাড়ায়। সেখানে তাদের মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তারা উভয়ে তাদের সেখানে দেখতে গিয়েছিলেন। এরপর তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। লংথিয়ান পাড়ায় মেয়ের বাড়িতে শুক্রবার রাত ৩টার দিকে তারা মারা যান। 

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করব।


তিনি বলেন, এর আগে আমাদের মেডিকেল টিম লংথিয়ান পাড়ায় চিকিৎসা সেবা প্রদান করে এবং ওই গ্রামের সবাইকে পানি ফুটিয়ে পান করতে, খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করার ব্যাপারে পরামর্শ দেন। সঙ্গে খাবার সেলাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে।

আমাদেরকাগজ/এমটি