সারাদেশ ১৭ জুন, ২০২৩ ০৫:৩৫

চলন্ত বাসে পোশাক শ্রমিককে ‘ধর্ষণচেষ্টা’, লাফ দিয়ে রক্ষা

আমাদের কাগজ রিপোর্ট: চলন্ত বাসে এক নারী গার্মেন্টসকর্মীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযাগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। নিপীড়কের হাত থেকে নিজেকে রক্ষা করতে ওই নারী বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৬ জুন) রাতে ভালুকা সীডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার রাকিব (২১), চালকের সহকারী ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ (২০) এবং বাসের সুপারভাইজার আনন্দ দাসকে (১৯) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুরের রিদিশা গার্মেন্টসে কাজ শেষে দুই সন্তানের মা ভুক্তভোগী নারী মিনিবাসে করে মাওনা চৌরাস্তা থেকে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকার সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে যাওয়ায় তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায় বাসের কর্মচারীরা। ধস্তাধস্তির একপর্যায়ে নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দেন ভুক্তভোগী নারী।

এসব তথ্য নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, “এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে; এবং বাসচালক, চালকের সহকারী ও বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা  বলেন, “ন্যাক্কারজনক এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভালুকা থানা পুলিশকে অভিযানের ‍নির্দেশ দিয়েছি। রাতেই থানা পুলিশের বিশেষ অভিযানে বাসটি জব্দ করা হয় এবং তিন জনকে আটক করা হয়।”

ভুক্তভোগীকে চিকিৎসা, আইনি সহায়তাসহ সার্বিক সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

 

 

আমাদের কাগজ/টিআর