কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বাটুলের উপস্থিতি টের পেয়ে হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
দৌলতপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, নিহতের শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। যে কারণে অতিরিক্ত রক্ষক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বেল্টুর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়েই তিনিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরকাগজ/এইচএম






















