সারাদেশ ২৪ জুন, ২০২৩ ০৪:৪০

ঢামেক

হাসপাতালের লিফটে পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের লিফটে থাকা রোগীর স্বজনের পকেট থেকে মোবাইল চুরি সময় একজনকে আটকের ঘটনা ঘটেছে। এ সময় হাতেনাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে। ওই ব্যক্তি নিজের নাম সোহরাব (৫৫) বলে দাবি করেছেন। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালটির নতুন ভবনে রোগী ও স্বজনদের ব্যবহৃত লিফটের মধ্যে ঘটে এই ঘটনা।

ভুক্তভোগীর নাম  মো. বাহাউদ্দিন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। 

তার ভাষ্যমতে, দরকারি কাজে তৃতীয় তলায় ওঠার জন্য রোগীর স্বজনদের জন্য নির্ধারিত লিফটে উঠলে তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে মোবাইল তুলে নিচ্ছিল অভিযুক্ত যুবক। লিফটে অনেক মানুষের গাদাগাদির মধ্যে খেয়াল করেন, পেছন থেকে কেউ এই কাজটি করছেন। সঙ্গে সঙ্গে পেছন ফিরতেই ওই ব্যক্তির হাতে তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি দেখতে পান। তখনই তাকে ধরে ফেলেন। পরে হাসপাতলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন তারা ওই অভিযুক্তকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। এই ঘটনায় তিনি মামলা দায়ের করবেন।

ভুক্তভোগী জানায়, নতুন ভবনের তৃতীয় তলায় পিসিসিইউ ইউনিটে তার এক রোগী ভর্তি রয়েছে। সকাল থেকে তিনি রোগীর সঙ্গেই আছেন। 


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে ভুক্তোভোগী দাবি করেছেন। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। ভুক্তভোগী যদি মামলা করেন তাহলে থানা পুলিশ ব্যবস্থা নেবে।

আমাদেরকাগজ/এমটি