গাজীপুর প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহায় গরুর হাটগুলোতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা অটুট থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, পশুবাহী গাড়ি গন্তব্যে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ জুন) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গরুর হাটগুলোতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা অটুট থাকবে। কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো গরুবাহী/পশুবাহী ট্রাক বা নৌকা যে গন্তব্যে যাবে সেই গন্তব্যের আগে থামাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী অনুগ্রহপূর্বক এই কাজটি করতে যাবেন না। গেলে তাদের বিরুদ্ধে আইনের যে প্রয়োগ করা দরকার তা করা হবে।
ব্যবসায়ী, হাটের ইজারাদার ও পশু বহনকারী গাড়ির চালকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন। আপনারা আমাদের সহায়তা দিন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের যাতায়াত সুগম করতে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে সেখানেই তার সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, গত ঈদেও হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ, জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গেয়েন্দা পুলিশ সবাই একযোগে কাজ করেছি। তাতে গত ঈদের ব্যবস্থাপনা সুন্দর ছিল। যাত্রী সাধারণ নির্বিঘ্নে যথা সময়ে তাদের গন্তব্যে যেতে পেরেছে এবং তাদের গন্তব্যস্থলেও নিরাপত্তা ব্যবস্থা অটুট ছিল।
তিনি বলেন, গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গত বারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবে অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়াত করবে রাস্তা-ঘাটে এবং নদীতে। এছাড়া এ ঈদের মৌসুমী ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিচেনা করে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই- সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে।
আমাদেরকাগজ/এইচএম




















