সেই জুনায়েদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ, এবার বৈধ উপায়ে
আমাদের কাগজ ডেস্ক : এবার আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হলো জুনায়েদের। তবে এবার আর কারচুপি নয়, দেশের এক ব্যাবসায়ী সংস্থার সহয়তায় ঢাকা থেকে কক্সবাজার গেলেন ভাইরাল জুনায়েদ। এর আগে, গত ১২ সেপ্টেম্বর পাসপোর্ট কিংবা বোর্ডিং পাস ছাড়াই নয়টি নিরাপত্তা স্তর ফাঁকি দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে প্রায় আধা ঘণ্টা বসে থাকে জুনায়েদ।
এ ঘটনা নানা আলোচনা ও জলঘোলাসহ প্রায় বিশের অধিক কর্মকর্তা চাকরীচ্যুত হন।
সেবার আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ না হলেও এবার সেই জুনায়েদের স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন।
আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় জুনায়েদ ও তার চাচা ইউসুফ মোল্লা। এরপর কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রাখা হয় তাকে।
জুনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।
জুনায়েদ বলেন, নিরাপত্তা পেরিয়ে বিমানে উঠেছিলাম। কিন্তু আকাশে উড়তে পারিনি। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন। আমার খুবই ভালো লেগেছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
জুনায়েদের চাচা ইউসুফ মোল্লা বলেন, আমার ভাতিজার কারণে আমিও জীবনে প্রথম বিমানে চড়তে পারলাম। ওয়ালটন আমাদেরকে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসলো। আমার ভাতিজার স্বপ্ন পূরণ হলো।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর পাসপোর্ট কিংবা বোর্ডিং পাস ছাড়াই নয়টি নিরাপত্তা স্তর ফাঁকি দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে প্রায় আধা ঘণ্টা বসে থাকে জুনায়েদ। কেবিন ক্রু তাকে সিটে বসতে দিলেও পরে তার কাছে ভিসা-পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।
আমাদেরকাগজ/এমটি