সারাদেশ ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৯

চট্টগ্রামে সড়কের পাশে

লাগেজে মানুষের শরীরের টুকরো অংশবিশেষ উদ্ধার   

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামে সড়কের পাশে একটি লাগেজ আবিষ্কারের ঘটনা ঘটেছে। পরে পরিত্যক্ত ওই লাগেজের ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। 

গতকাল (বৃহস্পতিবার) রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজের খোঁজ পাওয়া যায়। এর ভেতরে মানুষের হাত-পায়ের টুকরা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাগেজের ভেতর হাত-পায়ের আটটি টুকরা উদ্ধার করে।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো দুই থেকে তিন দিন আগের। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কাটা হাত-পায়ের অংশগুলো পুরুষের। কোথাও খুন করে লাশ টুকরা টুকরা করে এখানে ফেলা হতে পারে। এগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

ওসি জানান, কাটা হাতের অংশের মধ্যে হাতের আঙুলও রয়েছে। আঙুলের ছাপে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে। তারা আজ (শুক্রবার) আঙুলের ছাপ নেবে। মাথাসহ শরীরের অন্যান্য অংশ খোঁজা হচ্ছে বলে জানান ওসি আফতাব হোসেন। 

এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এঘটনায় এখনো লাশ শনাক্ত হয়নি বলে জানা গেছে। 

আমাদেরকাগজ/এমটি