সারাদেশ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০৩

নির্বাচন ঘিরে নাশকতা করলেই কঠোর ব্যবস্থা : র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে ব্যবস্থা নেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার , ২৫ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বর মেইন রোডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যেকোনো গুজব ও অপপ্রচার রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করছে র‍্যাব। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে র‍্যাব। এ ছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি, ছিনতাইরোধে নিয়মিত র‌্যাব-৪-এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় কাজ করবে র‌্যাব।


আমাদেরকাগজ / এইচকে