সারাদেশ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৫

নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রাবাসে ঢুকে পড়ল ট্রাক, আহত ১৩

আমাদের কাগজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদরাসার ছাত্রাবাসে ঢুকে পড়ে একটি চলন্ত ট্রাক। এতে ১২ শিক্ষার্থীসহ মোট ১৩ জন আহতের খবর মিলেছে। ঘটনায় আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর আগে, বেলা সাড়ে ৩টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত একটি শিক্ষা কেন্দ্রে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঢুকে পড়ে। 

গতকাল(সোমবার) বিকেল ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হসপিটাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনাটি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ।

আহতরা হলেন- মো. নাজিম (৯), মেহেদী হাসান (১২), জাহিদুল করিম (৯), সাজিদ আলম (১১), মো. নাইম (১১), ওমর ফারুক (১০), জাহিদুল ইসলাম (১১), সাইফুল ইসলাম (১১), আল আমিন (১০), আবদুল্লাহ (৮), মো. ওয়ালিদ (১২), মো. ইমরান (১২) ও ট্রাকচালকের সহকারী (হেলপার) মো. ফাহিম (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসাছাত্ররা দুপুরে খাওয়া-দাওয়া শেষে নিজেদের রুমে বিশ্রাম করছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রাবাসে ঢুকে পড়ে। এতে ১২ শিক্ষার্থীসহ ট্রাকচালকের সহকারী আহত হন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, আহত ১৩ জনের মধ্যে ১২ জনই শিক্ষার্থী।

চারজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি