সারাদেশ ৩ অক্টোবর, ২০২৩ ১১:৩৪

নৌকাবাইচ দেখতে যাওয়াই কাল হলো দুই কিশোরের

মানিকগঞ্জ প্রতিনিধি : নৌকাবাইচ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন দুই কিশোর। এর আগে, মানিকগঞ্জের সিংগাইরের শেষ সীমান্তে নৌকাবাইচ দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। লাশ হয়ে ফিরতে হয়েছে সিফাত ও ওয়াসিম নামের ওই দুই কিশোরকে। 

(সোমবার) সন্ধায় ওই দুই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিংগাইর থানা পুলিশ। 

এর আগে গত (শনিবার) বিকেলে মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ সিমান্ত এলাকার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপের কালীগঙ্গা নদীতে এই  নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় সিফাত ও ওয়াসিমসহ ২০ থেকে ২৫ জন বন্ধু ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এসময় ট্রলার ডুবে তারা মারা যায়। 

নিহতরা হলো- সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার নুরুল ইসলামের ছেলে সিফাত (১৫) ও ওই একই ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম (১৭)।

জানা গেছে, মানিকগঞ্জের সিংগাইরের শেষ সীমান্তে নৌকাবাইচ দেখতে গিয়ে একটি নৌকার ধাক্কায় নিহতদের ট্রলারটি ডুবে যায়। এতে সিফাত ও ওয়াসিমসহ চারজন যাত্রী নিখোঁজ হয়। পরে (রোববার ) খোঁজাখুঁজি করে দুইজন ছাড়া বাকীদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরে ওয়াসিম ও সিফাতের মরদেহ উদ্ধার করে।

সিংগাইরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহত ওই দুই কিশোরের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি