নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মোহাম্মদ শহীদুল্লাহ (৬৪) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অবসরপ্রাপ্ত উপপরিচালকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, ‘মারধর, হুমকি-ধমকির অভিযোগে আদালতে দায়ের হওয়া মামলায় রাত ১১টার দিকে ওনাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। যেহেতু উনি একজন সম্মানি মানুষ, ওনাকে থানায় এনে ওসির রুমে বসানো হয়। ওনার ছোট ভাইও ওসির রুমে আসেন। ওসির রুমে বসানোর ১০ মিনিট পর উনি অসুস্থবোধ করতে থাকেন। উনি হার্টের পেশেন্ট, বাইপাস সার্জারি হয়েছিল, রিং পরানো ছিল। বাসা থেকে ইনহেলার, স্প্রে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট ভাই ওনার মুখে ইনহেলার স্প্রে করেন। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর শহীদুল্লাহকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘শহীদুল্লাহ সাহেবের জায়গা-জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ছিল। উনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেছিলেন। আমরা সেটা তদন্ত করে রিপোর্ট দিয়েছি। এরপর আদালতে দায়ের হওয়া একটি মামলায় ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসে। আমরা আদালতের নির্দেশে ওনাকে গ্রেপ্তার করে থানায় এনেছিলাম। কিন্তু গ্রেপ্তারের পরপরই উনি অসুস্থ হয়ে মারা গেলেন।’
আমাদেরকাগজ/এইচএম





















