সারাদেশ ৯ অক্টোবর, ২০২৩ ০৪:২৬

ছেলের জন্মদিনে স্ত্রীকে ছুরিকাঘাত, অতিরিক্ত রক্তাক্ষরণে হাসপাতালে মৃত্যু

আমাদের কাগজ ডেস্ক : মুন্সীগঞ্জে ছেলে দুই বছর পূর্তি অনুষ্ঠানে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ। 

মুন্সীগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে (রোববার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। 

নিহতের নাম রোমানা আক্তার। সে মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়,  ছেলের জন্মদিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী নাদিম হোসেন।

নিহত রোমানা আক্তারের মা রানী বেগম অভিযোগ করে বলেন, সবকিছু ঠিকই ছিলো। (রোববার) রোমানার ছেলে আমার নাতীির (দুই বছর)উপক্ষ্যে  বাড়িতে (নানা বাড়ি) ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে রোমানার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত না দেওয়ায় রোমানার স্বামী নাদিম হোসেন ক্ষিপ্ত হয়ে শিশু রাফসানকে একটি ঘরে আটকে রাখে। পরে রোমানা সেই ঘর থেকে রাফসানকে বের করে আনতে গেলে স্বামী নাদিম তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় রোমানা মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় রক্তাক্ত অচেতন অবস্থায় রোমানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাদিম হোসেনের মা-আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

আমাদেরকাগজ/(এমটি)