ডেস্ক রিপোর্ট ।।
নারায়ণগঞ্জে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা পরিষদ কার্যালয়ের পাশের বস্তিটিতে আগুন লাগার মুহুর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় আশপাশের প্রায় দুই তিন কিলোমিটার এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বস্তিবাসীসহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেন। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
জলাধারের উপর ভাসমান অবস্থায় গড়ে ওঠা এই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও ঘর বাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ কার্যালয় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বা বস্তিবাসী।




















