সারাদেশ ২১ অক্টোবর, ২০২৩ ১১:০৩

ময়মনসিংহে

পরকীয়া প্রেমিককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়ার জেরে এক প্রমিক-কে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

জানা যায়, ঘটনার দিন (শুক্রবার) রাতে  জামালকে (৪১) কে কল করে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এরপর (শনিবার) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। 

নিহত জামাল পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। 

গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, পূর্বদাপুনিয়া মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. শরিফ মিয়ার বাসায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘরের ভেতর থেকে রক্তমাখা আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরিফ মিয়া (৪০), তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী মামুন মিয়াকে আটক করা হয়েছে।  

নিহতের বড়ভাই স্বপন মিয়া জানান, আমার ছোটভাই জামাল পাওনা টাকা ফেরত আনতে গিয়েছিল। রাত ১২টার দিকে তার মা রহিমা খাতুনের ওষুধ নিয়ে আসে। এর পরে তাকে ফোন করলে শরিফদের বাড়িতে যায়। রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় এসে চিৎকার দেয়। এর পর তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে মারা যায়। 

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে প্রচণ্ড রক্তপাত হয়। মাথায় মারাত্মাক আঘাত ছিল। তার জীবন সংকটাপন্ন থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। 

গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান জিয়া জানান, পূর্বদাপুনিয়ার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। 

লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান গৌরীপুর থানার  ওসি মো. মাহমুদুল হাসান।

আমাদেরকাগজ/এমটি