সারাদেশ ২১ অক্টোবর, ২০২৩ ০১:১৭

২৮ অক্টোবর 

বিএনপির কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের 

আমাদের কাগজ ডেস্ক:  ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচিকে ঘিরে কঠোর হুঁশিয়ারি জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

আজ দুপুরের মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। 

মেট্রোরেল উদ্বোধনের পর এতদিন নিরাপত্তার জন্য আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ সদস্য দেখভাল করলেও পরে এর দায়িত্ব নেয় বিশেষায়িত এমআরটি পুলিশ।

এরই সূত্র ধরে দুপুরে আগারগাঁওয়ে আসেন ডিএমপি কমিশনার। এসময় মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করতে দেখা যায় তাঁকে। এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হয়। 

পরিদর্শনের সময় সংবাদ মাধ্যমকে হাবিবুর রহমান জানান, এমআরটি পুলিশ স্টেশনের ভিতরে কাজ করবে। এছাড়া যেকোনো আইনি কাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ করবে।

তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার তবে কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং তা যদি জনগণের জানমালের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় তাহলে কঠোর ভাবে দমন করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো ভাবে গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে জানিয়ে নগরবাসীকে গুজবে কান না দেয়ার অনুরোধও করেন ডিএমপি কমিশনার।

আমাদেরকাগজ/এমটি