সারাদেশ ২২ অক্টোবর, ২০২৩ ১১:৩৩

পাবনায় বন্ধুদের হাতে স্কুলছাত্র খুন

পাবনা  প্রতিনিধি : পাবনায় পূর্ববিরোধের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার ) রাত ১০টার দিকে পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমীর ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার কয়েকজন বন্ধুর পূর্ববিরোধ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, একজন ফোন করে জানাল আমার ছেলেকে ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। গিয়ে দেখি ছেলেটা মারা গেছে। কারা কী কারণে ছেলেটাকে মারল কিছুই বুঝতে পারছি না। যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রোববার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

আমাদের কাগজ/এমটি