সারাদেশ ২২ অক্টোবর, ২০২৩ ১২:৩৫

রাতে অপহরণ, সকালে বিবস্ত্র নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় এক নারীকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের নাম, মনজুরা খাতুন (৩২)। (শনিবার) রাতে দর্শনা মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার আগে রাতে বাসা থেকে তুলে নেওয়া হয় তাকে। নিহত মনজুরার লাশ তার বাড়ির পাশের বেগুনক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।  

দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন মনজুরার ভাই আলমগীর হোসেন (৩০)।

আহত আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, (শনিবার) রাত ৮টার দিকে দর্শনার মোহাম্মদপুরে আলমগীরের বাড়িতে আসে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা-বেঁধে পাশের মাঠে ফেলে রাখে। এ সময় তার বোন মনজুরা খাতুন প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায় তারা। 

এরপর রাতভর নিখোঁজের পর সকালে তাদের বাড়ির পাশের বেগুনক্ষেতে মনজুরার বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে।

সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে মনজুরার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশ বিশেষ টিম কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে আশ্বাস জানান তিনি।

আমাদের কাগজ/এমটি