ইন্টারনেটে ধীরগতি, নয়াপল্টনে মোবাইল নেটওয়ার্কেও বিভ্রাট
আমাদের কাগজ ডেস্ক: দুদিন ধরেই ইন্টারনেটে ধীরগতি। কারণ, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লেগেছিল। যার জন্য মোবাইল ডাটা, ওয়াইফাই এমনকি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারকারীরাও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এদিকে দুদিন ইন্টারনেটে ধীরগতি। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সমস্যা নিরসনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।
আজ (২৮ অক্টোবর) সকাল থেকেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সব সমস্যা সমাধান হয়ে যাবে বলেও ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
কিন্তু আজ (শনিবার) সকাল থেকে মন্ত্রীর ঘোষণার উল্টো চিত্র দেখা গেছে। ঢাকাসহ সারাদেশে ইন্টারনেটের গতি আরও কমেছে।
এদিকে বিএনপির সমাবেশস্থল ও এর আশপাশে শুক্রবার মধ্যরাত থেকেই ইন্টারনেটের গতি নেই বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। (শনিবার) সকালে নয়াপল্টন এলাকায় ঘুরেও অভিযোগের সত্যতা পাওয়া যায়। কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর এলাকায় মোবাইল নেটওয়ার্কেও বিভ্রাট দেখা যাচ্ছে।
মহাসমাবেশে আসা বিএনপিকর্মী সিরাজুল ইসলাম ও আল-আমিন হোসেন জানান, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকেই নয়াপল্টন এলাকায় ইন্টারনেটের গতি কম। রাতেও একই অবস্থা ছিল। ফেসবুক, ইউউটিউব এবং কোন নিউজ পোর্টালে ঢোকা যাচ্ছে না।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, ‘খাজা টাওয়ারে আগুনের কারণে আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি। সমাবেশ ঘিরে কী হয়েছে, তা বলতে পারবো না। এবারের ঘটনাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি রাতে ইন্টারনেট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে ।’
তিনি আরো বলেন, আইআইজি ও আইএসপি প্রতিষ্ঠানের জিজিএস ডিভাইস পুড়ে নষ্ট হয়ে গেছে। অনেক রাউটারও নষ্ট হয়েছে। জিজিএস ডিভাইস পুড়ে যাওয়ায় ফেসবুকের ক্যাশ পাওয়া যাচ্ছে না। এ কারণে ফেসবুক স্লো হতে পারে। অনেকের ইউটিউবও ডাউন। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু-তিন দিন লাগবে।
অন্যদিকে (শুক্রবার) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লিখেন, ‘খাজা টাওয়ারের বেশির ভাগ সমস্যার সমাধান হয়ে গেছে। সকাল নাগাদ শতকরা ৯৫ ভাগ সমস্যা থাকবে না।’
আজকের সমাবেশের সময়__সূচি
আওয়ামী লীগের সমাবেশ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, দুপুর ২টায়। বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা।
জামায়াতে ইসলামীর মহাসমাবেশ
দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ
আজ( বিকেল তিনটায়), প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ
দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
গণফোরাম ও পিপলস পার্টির সমাবেশ
দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে।
গণঅধিকার পরিষদের সমাবেশ
বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।
আমাদের কাগজ/এমটি