সারাদেশ ২৮ অক্টোবর, ২০২৩ ১২:৫৮

ঢাকার সঙ্গে সারাদেশের 

বন্ধ দূরপাল্লার বাস, সদরঘাট এলাকায় বিএনপি-জামায়াতের শতাধিক কর্মী আটক 

আমাদের কাগজ ডেস্ক: আজ (শনিবার) (২৮ অক্টোবর) বিএনপি আওয়ামী লীগসহ অন্তত ৩৫টি রাজনৈতিক দলের সমাবেশ। গতকাল থেকেই নেতা__কর্মীরা প্রস্তুতি নিয়েছে সমাবেশ সফল করার জন্য। মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে। (শনিবার) (২৮ অক্টোবর) মহাসড়কগুলোতে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

রাজধানীর প্রধান নদী বন্দর সদরঘাট এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের প্রায় ১০০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ এলাকায় সকাল থেকেই কড়া তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। (শনিবার) (২৮ অক্টোবর) সকালে রাজধানী সদরঘাট এলাকায় দেখা যায়, বরিশাল, চাঁদপুরসহ সব রুট থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইলও চেক করে দেখছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ভোর থেকে সদরঘাট এলাকায় ১০০’র কাছাকাছি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তল্লাশির সময় তাদের বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ও ২০ জনকে বাবুবাজার ব্রিজ থেকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মেহেদী হাসান প্রতিবেদককে বলেন, আটকে সংখ্যাটা এখনই বলতে পারছি না। আমরা সদরঘাট টার্মিনাল ও বাবুবাজার ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি নিরাপত্তার স্বার্থে। যাদের আটক করা হয়েছে তল্লাশির পর সন্দেহভাজন মনে হওয়ায় আটক করা হয়েছে। এখন থানায় তাদের যাচাই-বাছাই শেষ আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে পারব।

অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। পাশাপাশি জামায়াত সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আরামবাগে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মহাসড়কগুলো ফাঁকা দেখা গেছে। রাজধানীর প্রবেশপথে সকালের দিকে কিছু গাড়ি দেখা গেলেও দূরপাল্লার কোনো যানবাহন ছিল না। তবে, নগরীতে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার চললেও পুলিশের তল্লাশির মুখে পড়তে হয়েছে। এ সময় যাত্রীদের ব্যক্তিগত মোবাইল, ব্যাগ চেক করার পাশাপাশি কারও কারও শরীর তল্লাশি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে কাউকে কাউকে হেফাজতে নিচ্ছে পুলিশ।

পুলিশ বলছে, রাজধানীতে যাতে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা না হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তল্লাশি কার্যক্রম চলছে। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি করে আটক করা হচ্ছে। বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ বলছে, সংবিধানে যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

আজকের সমাবেশের সময়__সূচি 


আওয়ামী লীগের সমাবেশ 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, দুপুর ২টায়। বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা।

জামায়াতে ইসলামীর মহাসমাবেশ 
দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

 

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ 

আজ( বিকেল তিনটায়), প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। 

জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ 
দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

গণফোরাম ও পিপলস পার্টির সমাবেশ  
দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। 

গণঅধিকার পরিষদের সমাবেশ 
বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।

আমাদের কাগজ/এমটি