সারাদেশ ১৫ নভেম্বর, ২০২৩ ০২:২২

পাবনায়

বিএনপির অ্যাডভোকেটকে না পেয়ে তাঁরই ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ

আমাদের কাগজ ডেস্ক: পাবনায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাবনার বাসায় তল্লাশি চালিয়ে তার ছোট ভাই শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

গত ১৩ নভেম্বর, দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশ পাবনার ওই বাসায় অভিযান চালায় বলে আজ বুধবার ১৫ নভেম্বর, অভিযোগ করেন শিমুল বিশ্বাস। শুধু তাই নয়, পুলিশ তাঁর বাসায় অভিযান চালায় তখন তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানি ভয়ভীতি দেখায়। 

তিনি বলেন, ৯০ বছরের ঊর্ধ্ব আমার অসুস্থ মাকে ঘুম থেকে ডেকে চরম অমানবিক আচরণ করে। পরে ১৪ নভেম্বর বিকেল ৫টার দিকে আমার সহোদর ছোটভাই সহিদুর রহমান বিশ্বাস টুটুলকে বিনা কারণে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

এদিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের পাবনার বাসভবনে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের হয়রানি ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পুলিশ কতটা বেপরোয়া হলে গভীর রাতে বাড়ির মানুষকে ঘুম থেকে তুলে এমন আচরণ করে! টুটুল বিশ্বাসকে অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।

প্রঙ্গত, ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি শেষ হচ্ছে একাদশ সংসদের মেয়াদ। 

আটক টুটুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আর তার বড় ভাই শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন।

আমাদের কাগজ/এমটি