সারাদেশ ১৬ নভেম্বর, ২০২৩ ১১:০৯

দেশে পঞ্চম দফায় অবরোধ, জনমনে আতঙ্ক

আমাদের কাগজ ডেস্ক: পঞ্চম দফায় চলছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ। আজ ১৬ নভেম্বর ,দ্বিতীয় দিন রাজধানীতে যান চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে। তবে অনেকটা গাঁ ছাড়া অবরোধ হলেও জনমনে যেন আতঙ্কের শেষ নেই। 

কালে রাজধানীর মহাখালী, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, আজিমপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় সায়েন্স ল্যাব মোড়ে যানবাহনের চাপ কিছুটা বেশি দেখা গেলেও মিরপুর রোডে চলাচল স্বাভাবিক ছিল।

ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল খুবই কম। যাত্রীরাও ভোগান্তি ছাড়া নিজ গন্তব্যে যেতে পারছেন বলে জানিয়েছেন। তবে গণপরিবহনে যাতায়াতে এক ধরনের আতঙ্ক কাজ করছে বলে জানান তারা।

ইসলাম নামের এক চাকুরিজীবী জানান, সকোলে অফিসে যেতে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। এই অবরোধে অনেক সময় গাড়ি আসেও না বলে অভিযোগ তাঁর।

সালমা আক্তার থাকেন মিরপুর। তিনি বলেন, প্রতিদিন তাকে লোকাল বাসে উঠতে হয়।

অভিযোগ করে সালমা বলেন, দেশে গত দুই মাস ধরে হরতাল- অবরোধ লেগেই আছে। এত সবের মধ্যে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়! আমার একটি ভোটের জন্য যদি আজ আমাকে পুড়ে মরতে হয়, তাহলে আমার বাচ্চা ও পরিবারের দায়ভার নেবে কে?

বাসে ওঠার আগে এনামুল হক বলেন, ‘হরতাল-অবরোধে ধানমন্ডির জিগাতলাসহ বিভিন্ন এলাকায় গণপরিবহনে প্রায়ই ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। কিন্তু তারপরও মানুষ জীবিকার তাগিদে বাসা থেকে বের হতে বাধ্য হন। রাজনৈতিক দলগুলোকে সহিংস কার্যকলাপ পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরতে হবে।

যানবাহনের চাপ থাকায় তা নিয়ন্ত্রণের জন্য রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়ে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

আমাদেরকাগজ/এমটি