সারাদেশ ১৮ নভেম্বর, ২০২৩ ০৪:১১

নির্বাচন বানচাল একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে: শেখ হাসিনা  

আমাদের কাগজ ডেস্ক: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচাল একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। আজ শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। 

এসময় দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, শুধু ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যেতে পারে।

নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসংযোগ করেছে, তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি।’ তিনি আরও বলেন, ‘সুতরাং যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচালের চেষ্টা করছে, তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে।’ পাশাপাশি যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, যেসব রাজনৈতিক দলের জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস নেই এবং রাজনৈতিক দল হিসেবে সুসংগঠিত নয়, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

এসময় ২০১৩ ও ২০১৪ সালে অগ্নিসন্ত্রাসের কারণে জীবন ও সম্পদের ক্ষতির কথা উল্লেখ করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জীবন ও সম্পত্তি ধ্বংস করা কোন ধরনের রাজনীতি?’

অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সভাপতির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এর আগে গণভবন থেকে ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান শেখ হাসিনা।পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সরকারি গাড়িতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।