সারাদেশ ২১ নভেম্বর, ২০২৩ ০৩:৩৫

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করবেন সাড়ে সাত লাখ সদস্য

আমাদের কাগজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কাজ করবেন সাড়ে সাত লাখ সদস্য। মাঠে থাকবে আনসার, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবি সদস্য। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ইসির সঙ্গে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকের পর ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

ইসি জানিয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কাজ করবে বিভিন্ন সংস্থার সদস্য। আর সেনাবাহিনীর বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনে দ্বায়িত্বে আনসার থাকবে ৫,১৬,০০০; কোস্টগার্ড থাকবে ২,৩৫০; বিজিবি থাকবে ৪৬,৮৭৬; আর পুলিশ ও র‍্যাব সদস্য থাকবে ১,৮২,০৯১ জন। সেনাবাহিনীর বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে।”

ইসির অতিরিক্ত সচিব বলেন, “বৈঠকেসম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়েছে। তাদের জনবলের ভিত্তিকে একটি চাহিদা দিয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত হার হিসেবে কত সংখ্যক সদস্য নিয়োগ হবে, সেই অনুযায়ী অর্থ প্রদান করা হবে। তারা কিছু অগ্রিম বরাদ্দ চেয়েছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে তার কতটুকু আমরা দিতে পারবো, সেটা নিয়ে আলোচনা করেছি।”

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সূচি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদের ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এরপর প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।

আমাদেরকাগজ/এমটি