সারাদেশ ২২ নভেম্বর, ২০২৩ ০৪:৪০

ছেলের কুড়ালের আঘাতে আহত বাবার মৃত্যু

আমাদের কাগজ ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে বাবার নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২০ নভেম্বর) কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে এ ঘটনা ঘটে। 

বুধবার (২২ নভেম্বর) গুরুতর আহত বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত বাবা আব্দুল আলিম(৪২) উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে। 

থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে উপুর্যুপরি আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়। তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা আব্দুল আলিম বুধবার সকালে মারা যান। 

তার স্ত্রী তাছলিমা বেগম গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদেরকাগজ/এমটি