সারাদেশ ২৭ নভেম্বর, ২০২৩ ১০:২৭

৭ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে কুপিয়ে হত্যা 

আমাদের কাগজ ডেস্ক: নোয়াখালীর চাটখিলে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড় থেকে পেহা আক্তার (৭) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যার কোনো কারণ জানাতে পারেনি।

ঘটনার পরদিন সোমবার ২৭ নভেম্বর, মরদেহটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে। 

নিহত পেহা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

নিহতের ঘনিষ্ঠ স্বজনেরা জানান, বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিলের আয়োজন চলছিল। পেহা সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছিল। পরবর্তীতে দুপুর ২টার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর তার বাবা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির একপর্যায়ে এক ব্যক্তি জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সন্ধ্যা ৭টার দিকে পেহার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যা মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। সোমবার সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অপর এক প্রশ্নে ওসি এমদাদুল হক বলেন, ভিকটিমের মাথার এক পাশে ফোলা জখমের চিহৃ রয়েছে। চোখের ডান পাশে এবং কান ও চোখের মাঝামাঝি জায়গায় গভীর কাটা জখম আছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আমাদেরকাগজ/এমটি