সারাদেশ ২৮ নভেম্বর, ২০২৩ ১২:১৩

স্বতন্ত্র নির্বাচন করবেন বরিশালের আলোচিত সাবেক মেয়র ও মাহিয়া মাহি

আমাদের কাগজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে আলোচিত বরিশাল-৫ (সদর) ও রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

মঙ্গলবার ২৮ নভেম্বর. দুপুরে সাদিক আবদুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। 

এদিকে নৌকার মাঝি হতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র তুলেছেন মাহিয়া মাহি।  

জানা গেছে, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানাবাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত। আর রাজশাহী-১ আসন তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। তিনি এই দুই আসনে মনোনয়ন চেয়ে পাননি। শেষ পর্যন্ত তিনি রাজশাহী-১ আসনেই প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এর আগে আলোচিত বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

উল্লেখ্য, ২০১৮ সালে দলীয় মনোনয়নে সিটি করপোরেশনের মেয়র হন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তবে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হওয়ার কারণে এবার সিটি করপোরেশনে তাকে মনোনয়ন দেয়া হয়নি দল থেকে। তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়নে এবার বরিশালের মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

আমাদেরকাগজ/এমটি