সারাদেশ ২৯ নভেম্বর, ২০২৩ ০২:৪৬

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, খুশিতে আধা মণ দুধ দিয়ে যুবকের গোসল

আমাদের কাগজ ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদকে কেন্দ্র করে দুধ দিয়ে গোসল করে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রকাশ্যে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উড়িয়া ইউনিয়নের উড়িয়া গ্রামের নিজ বাড়িতে এমন কান্ড ঘটান আবদুল হান্নান মিয়া (৪০) নামের ওই যুবক। 

জানা যায়, গোসলে ২০ কেজি দুধ ব্যবহার করেছেন তিনি। আবদুল হান্নান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন।

এলাকাবাসী জানান,১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আবদুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নানের সঙ্গে বিচ্ছেদ ঘটান। আর এতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে হান্নান। 

ওই যুবক দুধ দিয়ে গোসলের বিষয়ে জানান, আইনগতভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে শুদ্ধ হতে দুধ দিয়ে গোসল করেছি।
                                                                                                               
আমাদেরকাগজ/এমটি