সারাদেশ ৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৩

কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

আমাদের কাগজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

রোববার ৩ ডিসেম্বর রাতে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধের কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

আমাদরেকাগজ/এমটি