সারাদেশ ৭ ডিসেম্বর, ২০২৩ ১০:১৮

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর লালবাগ থানা এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ৬ ডিসেম্বর, রাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবকের নাম মো. তানভীর হোসেন (২০)। সে আজিমপুর এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে। পেশায় বিকাশের দোকানদার ছিলেন।

নিহতের বড় ভাই তমাল বলেন, রাতের খাবার খেয়ে আমার ভাই প্রায়ই হাঁটাহাঁটি করত। আজ রাতে বৃষ্টি হওয়ায় সে রাস্তায় না গিয়ে ছাদে হেঁটতে যায়। এমন সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসিলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা আজিমপুর ভাট মসজিদ এলাকায় নিজেদের বাড়িতে থাকি। আমার বাবার নাম আবুল হোসেন। আমার ছোট ভাই ওই এলাকাতেই বিকাশের দোকান চালাত।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।