সারাদেশ ৭ ডিসেম্বর, ২০২৩ ০৫:১০

বিএনপির মানববন্ধন থেকে আসামি আটকে বাঁধা নেই: ডিবি প্রধান 

নিজস্ব প্রতিবেদক: অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল। অনুমতি না নিয়ে যদি বিভিন্ন মামলার আসামিরা মানববন্ধন করার চেষ্টা করে, তাহলে তাদের গ্রেপ্তারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশের এই (ডিবি) প্রধান বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মেনে নির্বাচনে না এসে তারাই আবার পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি। 

হারুন বলেন, তফসিল ঘোষণার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছি। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন লাগানো, যানবাহন চলায় বাধা, পুলিশের ওপর হামলা, রাজারবাগ হাসপাতালের গাড়ি ভাঙচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। তারাই কিন্তু এখন আবার অবরোধ ডেকে নাশকতা করছে।

তিনি বলেন, একদিকে তারা নির্বাচনে আসে না, আন্যদিকে প্রতিদিনই ককটেল নিক্ষেপ করছে, গাড়িতে আগুন দিচ্ছে, মানুষের সম্পদ নষ্ট করছে। যারা নাশকতা মামলার আসামি, গাড়ি পোড়ানো মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা ও পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার আসামি তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি। অনেকের নাম আমরা পেয়েছি। তারা যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।