সারাদেশ ১২ ডিসেম্বর, ২০২৩ ১০:০৯

আওয়ামী লীগ নেতার পা বিচ্ছিন্ন 

আমাদের কাগজ ডেস্ক: নীলফামারীতে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বেক্তি গুরুতর আহত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর রাতে জলঢাকা-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঘটনার দিন সোমবার শাহেদ ও বাদশা নামে দুজন মোটরসাইকেলে জলঢাকা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহসান হাবীব শাহেদ (৩২) নামে এক আওয়ামী লীগ নেতার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহসান হাবীব শাহেদ জলঢাকা পৌরসভার আদর্শপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দ্প্তর সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে জলঢাকা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। যাওয়ার পথে জলঢাকা-ডোমার সড়কের দুন্দিবাড়ি ক্লাবের মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা টিনে লেগে মোটরসাইকেলচালক শাহেদের ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনে বসে থাকা বাদশা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতরা দুজনই রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। একজনের ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজনের ডান হাঁটু গুরুতর জখম হয়েছে।