ডেস্ক রিপোর্ট ।।
কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় সারবোঝাই একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে নীলগঞ্জ স্টেশনের কাছে মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, মালবাহী গাড়িটি চট্টগ্রাম থেকে জামালপুরের তারাকান্দা যাচ্ছিল। কিশোরগঞ্জ রেলস্টেশন পার হয়ে নীলগঞ্জ স্টেশনের কাছে মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় মালবাহী গাড়িটির ইঞ্জিনের পিছনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও ইতোমধ্যে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানান তিনি।




















