সারাদেশ ১৪ ডিসেম্বর, ২০২৩ ০১:৪৬

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন 

আমাদের কাগজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এর আগে গত ৬ ডিসেম্বর অসুস্থ ভাগ্নিকে দেখে আসার পথে রাস্তায় মারধরের পর মাথায় ছুরিকাঘাত করেন বলে জানা যায়। 

ঘটনার পর আজ বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুস সাত্তার (৭০) উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামের মৃত শরাফত প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

গত ৬ ডিসেম্বর উপজেলার শব্দলদিঘী গ্রামে অসুস্থ নাতনি স্নিগ্ধা (৮) দেখতে যান আব্দুস সাত্তার। সেখান থেকে ফেরার পথে মেয়ের জামাই মতিয়ার রহমান পারিবারিক কলহের জেরে তাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৮ ডিসেম্বর তার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় সাত্তারের মেয়ের জামাই মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মতিয়ারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদেরকাগজ/এমটি