সারাদেশ ১৮ ডিসেম্বর, ২০২৩ ১২:১৯

প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আমাদের কাগজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে এক প্রেমিক যুগলকে আটকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।      

ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়নপুর গ্রামের মাক্ষি রানী রুপালি আক্তারের বাড়িতে স্থাপিত মিনি পতিতালয়ে। 
     
আটকে মারধর ও দশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বখাটেরা। এ ঘটনার পর এলাকাবাসী ওই বখাটেদের আটক ও প্রেমিক যুগলকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

তবে পুলিশ ওই বখাটেদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল চারটার দিকে টাঙ্গাইল জেলার একটি কলেজের ছাত্রী (১৬) ও আসিক (১৯) নামের এক প্রেমিক যুগল মিনি পতিতালয়-খ্যাত রুপালি আক্তারের বাড়িতে এসে একটি রুম ভাড়া নেয়। 

এসময় মোহাম্মদ জাকির হোসেনসহ সঙ্গীয় লোকজন ওই প্রেমিক যুগলকে আটক করে। এর পর  তাদেরকে মারধর করে তাদের  কাছ থেকে নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। 

এ বিষয়ে কাওয়ালী পারা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক বলেন, এ ঘটনায় এলাকাবাসী  ও ভুক্তভোগী প্রেমিক যুগল কোনো লিখিত অভিযোগ করেনি। ফলে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।