সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২৩ ০১:৫৬

সন্ধ্যায় চুরির মামলায় গ্রেপ্তার, রাতে থানা হাজতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব রিপোর্ট: পরনের টি-শার্ট ও কোমরের বেল্ট দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যায় চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর রাতে থানার হাজতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বানিয়াচং সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গণমাধ্যমকে জানান, গোলাম রাব্বানী একটি চুরির মামলায় তদন্তাধীন আসামি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নারী-শিশু রুমে রাখা হয়। রাত ১০টার দিকে পুলিশ দেখতে পায় রাব্বানী পরনের টি-শার্ট ও কোমরের বেল্ট দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছে ঝুলে আছেন। পরে রাব্বানীকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি বলেন, যেহেতু সে পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বুধবার সকালে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।