সারাদেশ ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৯:২০

গোপালগঞ্জ-মাদারীপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

আমাদের কাগজ ডেস্ক: আজ নিজ এলাকা গোপালগঞ্জে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ঢাকা ফেরার পথে মাদারীপুরের কালকিনিতে ভোটের প্রচারণায় যোগ দেবেন আওয়ামী এই সভানেত্রী। 

এদিকে শেখ হাসিনার আগমনকে ঘিরে এসব এলাকা গুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গিয়েছে। 

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা বলছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী কী কী প্রতিশ্রুতি দেবেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। তাই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাতীয় নির্বাচনের প্রচারণায় জেলায় জেলায় সভা করছেন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে জনসভা করবেন তিনি। পরে দুপুরে কোটালীপাড়ায় হবে সভা।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসমাবেশ যেন সঠিকভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার পরিপ্রেক্ষিতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবারই প্রথম মাদারীপুরের কালকিনি উপজেলায় জনসভা করছেন প্রধানমন্ত্রী।