প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রবাসী যুবক
নিজস্ব রির্পোট: প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি প্রবাসী যুবক রিপন আলী (২৬) গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর গণমাধ্যমের হাতে এসেছে। শুক্রবার সকালে রিপনের বাবা ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।এর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে চার বছর আগে প্রবাসে যান রিপন।
মৃত রিপন আলী চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে রিপন সৌদি আরবে পরিবারে সচ্ছলতা ফিরে আসতে শুরু হয়। শুক্রবার রিপন তার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। ওই দিন সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তার মৃত্যুর খবর পান বাবা আসাদুল হক।
রিপন আলীর বাবা আসাদুল হক বলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত আমার ছেলে। এই মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একটি কৃষি খামারে কাজ করে রিপন।
তিনি বলেন,‘রিপনের প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগবিতণ্ডা হয় রিপনের। সেখান থেকে ঘরে ফিরে যায়। একপর্যায়ে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
রিপনের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে রিপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপরই তারা আমাকে ফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।
ছেলেও কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন উল্লেখ করে আসাদুল হক বলেন, কিছুদিন আগে মোবাইলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, যদি ওই মেয়ে রাজি থাকে তাহলে আমরা মোবাইলে বিয়ে পড়িয়ে রাখব। এখন ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।