সারাদেশ ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৬:০৭

প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে হত্যা, মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার মোহনগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধ বাবা জাহের উদ্দিনকে (৭৫) কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে সাহেরা খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার, ৩০ ডিসেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরআগে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রাতেই মা আনিছা বেগম বাদী হয়ে মেয়ে সাহেরার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এতে কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি বিরোধে প্রতিবেশী সনু মিয়া এক যুবককে বল্লমের আঘাতে হত্যা করে জাহের মিয়ার ছেলেরা। এতে জাহের মিয়ার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে আসামি করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নিজের বৃদ্ধ  বাবা জাহের উদ্দিনকে হত্যা করে দোষ প্রতিপক্ষের ওপর চাপানোর পরিকল্পনা করে সাহেরা। 

পরিকল্পনা অনুযায়ী  গত বৃহস্পতিবার মধ্যরাতে জাহের উদ্দিনের মাথায় দা দিয়ে ৪-৫টি কোপ দেয়। এতে রক্তক্ষরণ হয়ে ভোরে মারা যান তিনি। আর ততক্ষণ পাশে বসে বাবার মৃত্যুর অপেক্ষা করেন সাহেরা। পরে সকালে কান্নাকাটি করে আশপাশের লোকজনকে সাহেরা বলেন প্রতিপক্ষের লোকজন তার বাবাকে হত্যা করেছে। সাহেরার বোন নুপুর ও মা আনিছা সবাই কেঁদে সবাইকে তা বোঝানোর চেষ্টা করেন।

তবে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টিতে সন্দেহ পোষন করেন। জাহেরের লাশ মর্গে পাঠিয়ে স্ত্রী আনিছা, মেয়ে নুপুর, ছেলের বউ আজমিরাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন। কৌশলী প্রশ্নে শেষমেষ তারা হত্যার পুরো কাহিনী খুলে বলেন।

এতে তারা জানান প্রতিপক্ষকে ফাঁসাতে সাহেরা তার বাবা জাহেরকে কুপিয়ে হত্যা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাহেরাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাতেই এ ঘটনায় জাহেরের স্ত্রী  আনিছা বাদী হয়ে নিজ মেয়ের নামে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. দোলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মায়ের করা মামলায় সাহেরাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপিরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আমাদেরকাগজ / এইচকে