সারাদেশ ১৫ অক্টোবর, ২০১৯ ০৯:৪৪

রাজারহাটে নৌকা ডুবির নয় দিন পর ছাত্রীর লাশ উদ্ধার 

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।। 

কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে নৌকা ডুবির নয় দিন পর নিখোঁজ জান্নাতুল আঁখি(১০) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার  করা হয়েছে। 

গতকাল (মঙ্গলবার) সকাল ৬ টায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা বুড়িরহাট এলাকার এক কিলোমিটার দক্ষিণে ভাটি থেকে  লাশ উদ্ধার হয়। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জান্নাতুল আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হক-রেখা আকতার দম্পতির মেয়ে এবং খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

উল্লেখ্য,গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলার  বুড়িরহাট এলাকায় প্রায় ২০- ২৫ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সকল যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতে জান্নাতুল আঁখি  নিখোঁজ হয়।