আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই ইউনিয়নের ধরলা নদী বেষ্টিত বাংলা বাজার এলাকায় ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ ও পাঁকাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী।
গতকাল( বৃহস্পতিবার) দুপুর ২টায় ধরলা নদীর তীরে ঘন্টাব্যাপী এ কর্মসূজী পালন করা হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন মোক্তার হোসেন, বাকিনুর রহমান, আবু বকর সিদ্দিক, শিক্ষার্থী জুয়েল রহমান ও রহিমা খাতুন প্রমুখ।
এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট বিভাগকে বারবার অভিযোগ করেও তারা মেরামতের জন্য কার্যকর কোন উদ্যোগ গ্রহন করছে না। এরফলে এই এলাকার সারডোব, ছাটকালুয়া, কাগজীপাড়া, চর হলোখানা ও বড়লইসহ ৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচলের ভোগান্তিতে পড়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ২০১৭ সালের বন্যায় বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় ধরলা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলেই ওই খালগুলো দিয়ে লোকালয়ে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঘরবাড়ী ও ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর বালু পড়ে নষ্ট হয় ফসলী জমি। তাছাড়া বাংলাবাজার থেকে প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের ফুলবাড়ী থেকে কুড়িগ্রামের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই বেড়ীবাঁধটি। কয়েক জায়গায় গভীর খাল হওয়ায় বর্ষাকালে সীমাহীন কষ্ট করে তাদের যাতায়াত করতে হয়।





















